Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের খেলা দেখে ফেরার পথে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৮:২৩ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১৮:২৪

নিহত সিফু আহমেদ আসিফ

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত প্রায় ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে এবং রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী।

স্থানীয়দের ভাষ্যমতে, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করার পর মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আসিফ। পথে ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর সড়কের পাশে থাকা একটি দেয়ালে মোটরসাইকেলটি সজোরে আঘাত করলে আসিফ গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

স্বজনরা জানান, দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আসিফ একজন শান্ত ও ভদ্র স্বভাবের তরুণ ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কলেজ ক্যাম্পাসে এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর