Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৩ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৫:৩৭

উদ্ধারকৃত পিস্তল ও গুলি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রাম থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

এতে জানানো হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার (২ জুন) রাত ৯টার পর গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৩-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আব্দুল গনির বাঁশ বাগানের ভেতর মাটিতে পুঁতে রাখা স্কচ টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ইতালির তৈরি ১টি ৭ দশমিক ৬৫ এম.এম. পিস্তল, ১টি ম্যাগাজিন ও কেএফ ৭ দশমিক ৬৫ ইংরেজি অক্ষরে খোদাই করা ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র ও গুলি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে সেগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান সেখ জানান, ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন গুলি ও ম্যাগাজিনসহ একটি পিস্তল থানায় জমা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর