Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৪:১৪

গ্রেফতার হওয়া মো. হাসান ওরফে মেহেদী হাসান, মো. আল-আমিন শেখ ও আলী হোসেন

পিরোজপুর: সদর উপজেলায় বিশেষ অভিযানে ইতালির তৈরি একটি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মো. আল-আমিন শেখ (২৬)-কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা পুলিশকে জানান, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করা হয়েছে।

বিজ্ঞাপন

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেন (৪০)-এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির এক পর্যায়ে শুক্রবার (৩ জুলাই) ভোর ৬টায় ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইতালিতে তৈরি Pietro Beretta 7.65 পিস্তল, যা অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর