নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে একটি বিদেশি পিস্তল-ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি রেখে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলের দিকে উপজেলার বেতুয়াবাগ বাজারের বাবুলের দোকানের সামনে স্থানীয় জনগণ তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। ওই সময় অস্ত্রধারী যুবক ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেখে যাওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেফতার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।