রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ পান করার কারণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা রেকটিফাইড স্পিরিট মিশ্রিত মদ পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার দিবাগত রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সাত্তার মিয়া এবং বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী ও সাজু মিয়া। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরেক ব্যক্তির নাম এরশাদ আলী।
স্থানীয় ইউপি সদস্য সুজা মিয়া বলেন, ‘রোববার রাতে ওই তিনজনসহ কয়েকজন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করেন। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে হুজুর আলী হাসপাতালে নেওয়ার পথে এবং অপর দু’জন নিজ নিজ বাসায় মারা যান।’
উল্লেখ্য, রংপুরের বদরগঞ্জ ও সদর উপজেলাতেও সম্প্রতি বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে বদরগঞ্জ উপজেলায় সোহেল ও আলমগীর নামে দুইজন এবং রংপুর সদর উপজেলায় দ্বীনদার আলী নামে একজনের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেনও এ বিষয়ে খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন।
সম্প্রতি এই উপজেলায় মাদকসেবন ও অবৈধ মদের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।