Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৭:২৭ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:৪৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

নরসিংদী: আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আযহার নামাজ শেষে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট প্ওয়ার পর সবধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।’

এ সময় হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজকের দিনে রোগীদের স্বার্থে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম, তবে হাজারও শিশু মারা যেত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওয়তায় নিয়ে আসা হবে। এরইমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা অনেক কমে আসবে।’

উল্লেখ্য, সকাল ৮টায় মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের জামাতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। নামাজে ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

এদিকে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এ ছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে-অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর