সিরাজগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছরে সিরাজগঞ্জ শহরে সুষ্ঠু আইন-শৃঙ্খলা ও পরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনা ছিল না। যেখানে-সেখানে বাস ও ট্রাক দাঁড়িয়ে থাকায় শহরের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। বর্তমান সরকার শহরকে শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছে।
বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মির্জা মুরাদুজ্জামান মিরপুর পৌর বাস টার্মিনালের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী টুকু বলেন, ‘সিরাজগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা শহর হলেও দীর্ঘদিন ধরে এখানে পরিকল্পিত যানবাহন ব্যবস্থাপনার অভাব ছিল। শহরের বিভিন্ন সড়কে যেখানে-সেখানে বাস-ট্রাক দাঁড়িয়ে থাকতো। এতে যানজটের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। আমরা এখন সেই অব্যবস্থাপনা দূর করতে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘মিরপুর পৌর বাস টার্মিনাল সংস্কার করা হলে শহরের যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে। যাত্রীসেবার মানও বাড়বে। টার্মিনালকে আধুনিক ও ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি টার্মিনালের ভেতরে যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মো. শাহাদাত, পৌর সচিব মো. রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন ও বাস টার্মিনাল আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ ও পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবের সময় শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হতো। এ অবস্থায় পৌর বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শনের সময় মন্ত্রী টুকু টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান।