Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্ত দেখে শাটার খুলতেই মিলল গলা কাটা আহত ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২০ মে ২০২৬ ১৯:২৮

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে দোকানের শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয় লোকজন ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আহত আজিমুল ইসলাম আজিম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মো. রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আজিম তার ‘মেসার্স শীতল ফ্যাশন’ নামের দোকান খুলে ভেতরে অবস্থান করছিলেন। তখন মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দোকানের বন্ধ শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন। পরে সন্দেহ হলে তারা শাটার খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আজিমকে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তার অবস্থা গুরুতর বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোকানটি ঘিরে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাটা জখম রয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর