সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ সোমবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, অধিনায়ক র্যাব-১২-এর দিকনির্দেশনায় দিবাগত রাত ২টার দিকে র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন দত্তবাড়ী সানিকন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারা শেখের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. জুয়েল শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত জুয়েল শেখ দত্তবাড়ী এলাকার আমজাদের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটককৃত জুয়েল দীর্ঘদিন ধরে অবৈধভাবে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ সংগ্রহ করে সিরাজগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।