নীলফামারী: জেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগমের শিশু কন্যাকে ধর্ষণ করেন। নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার প্রতিবেশি এক ভাবিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আব্দুল কুদ্দুসকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নীলফামারী সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।