Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাবের দাবি মেয়ে সামিরা চৌধুরীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ২২:৩৯ | আপডেট: ২০ জুন ২০২৬ ২২:৪১

বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব-বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাবের দাবি জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী।

শনিবার (২০ জুন) রাজধানী ঢাকায় বসবাসরত সিলেটের কানাইঘাটবাসীর সামাজিক সংগঠন ‘কানাইঘাট সমিতি, ঢাকা’র উদ্যোগে আয়োজিত এক গুণিজন সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-০৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সভায় গুণিজন সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করে সামিরা তানজীন চৌধুরী আবেগাপ্লুত কণ্ঠে তার বাবার জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাবের দাবি জানান। তিনি বলেন, আমার বাবা একজন জাতীয় নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন রাজনীতির মাধ্যমে দেশবাসীসহ সিলেটের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। পাশাপাশি বিএনপি‘র রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছেন। তারপরেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। দেশে থেকেই জাতীয়তাবাদী রাজনীতির ঝান্ডা বহন করেছেন।

বিজ্ঞাপন
সভায় গুণিজন সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করছেন সামিরা তানজীন চৌধুরী।

সভায় গুণিজন সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করছেন সামিরা তানজীন চৌধুরী।

তিনি আরও বলেন, আমার বাবার দল গত ১২ ফেব্রুয়ারি ব্যাপক ভোটের জয়লাভ করে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। এরইমধ্যে বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে দ্বিতীয় অধিবেশনও প্রায় শেষের পথে। অথচ এখনও মরহুম আবুল হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়নি! এটা তার কন্যা হিসেবে আমাকে পীড়া দেয়। সিলেটের কানাইঘাটবাসীর প্রাণের দাবি আমার বাবার নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হোক।

তিনি আরও বলেন, যে সংসদে বিভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিবর্গের মৃত্যুর পর শোক প্রস্তাব গৃহীত হয়েছে, সেই সংসদে বিএনপিরই সাবেক যুগ্ম মহাসচিব, প্রয়াত জাতীয় নেতা মরহুম হারিছ চৌধুরীর জন্য আজও শোক প্রস্তাব গ্রহণ না হওয়াটা দুঃখজনক। এমন একটি দাবি আজও উত্থাপন করতে হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, এটাই আমাদের জন্য বেদনাদায়ক ও বিব্রতকর বাস্তবতা।

সভায় সিলেটের কানাইঘাট উপজেলার প্রথম নারী ব্যারিস্টার হিসেবে সামিরা তানজীন চৌধুরী সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর