Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়গঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:১৯ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৬:০৬

গ্রেফতার হওয়া জাওয়াদ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জিম হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. আহসান।

পুলিশ জানায়, বুধবার (১৩ মে) রাতেই উপজেলার ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. আহসান বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। পরে ধামাইনগর বাজার এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ মে দুপুরে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামের ইমতিয়াজ মাহমুদ সুজনের ছেলে জাওয়াদ মাহমুদের বাড়ির সামনে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে জিম হোসেনের সঙ্গে জাওয়াদের বিরোধ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার একপর্যায়ে জাওয়াদ মাহমুদ ও তার সহযোগীরা বিদ্যালয়ের ভেতর থেকে জিম হোসেনকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর