সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে রাজধানীর দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ছুরিকাঘাতে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে স্কুলের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহরিয়ার সাঞ্জু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ডাগরখালী গ্রামের মৃত মাহবুবের ছেলে এবং দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
সাঞ্জুকে হাসপাতালে নিয়ে আসা তার সহপাঠী ও বন্ধুরা জানায়, আজ সকালের ক্লাসের পর টিফিন করে তারা আবার স্কুলে যায়। স্কুলে দুপুরে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। বেলা ১২টার দিকে সাঞ্জু যখন স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নাজিম ইসলাম জয় তার পথরোধ করে। জয়ের সাথে ছিল, ৯ম শ্রেণির মুহিন ও মুহিনের আপন খালাতো ভাই মাহিম।
এসময় জয় নিজেকে সিনিয়র দাবি করে সাঞ্জুকে বলে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এর দুই-এক কথার পর তাদের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে জয় তার পকেটে থাকা সুইচ গিয়ার দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝড়তে দেখে জয়সহ ওই ৩ জনই পালিয়ে যায়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তার অপারেশন চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটি শ্যামপুর থানায় অবগত করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে।