Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপনে ছবি ধারণের অভিযোগে আটক ১

বাকৃবি করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:৫৭

আটক হওয়া অভিযুক্ত ব্যক্তি।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি ধারণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলফোনের ক্যামেরায় ধারণ করার সময় তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের মোবাইলফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এ ছাড়া, তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে ওই ব্যক্তি ছবি তুলতে পারেন। পরে তার (অভিযুক্ত) মোবাইলফোন দেখতে চাইলে সেখানে ওই শিক্ষার্থীসহ একই স্থানে থাকা আরও কয়েকজন নারী শিক্ষার্থীর একাধিক ছবি পাওয়া যায়। এরপর তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা এ ঘটনা জানতে পারি। মোবাইলফোনটি ভেঙে ফেলায় আলামত যাচাই করা যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর