নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় এলজি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম।
এর আগে, গতকাল রোববার (৩ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হানিফ সিকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুরগি ব্যাপারী বাড়ির আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসার সঙ্গে জড়িত।
ওসি নুরুল হাকিম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।