Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৪:০৬

৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) ও একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।

বিজ্ঞাপন

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদক কারবারি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর