Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রির দায়ে শিক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৮:৩১

রংপুর ডিবি কার্যালয়।

রংপুর: রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইনে ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করার দায়ে এক শিক্ষার্থীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সদর দফতরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি চক্র চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনলাইনে জাল প্রশ্নপত্র বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা তদন্ত শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় জড়িত এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নগরীর শালবন এলাকায় আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

আটক ওই শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায়। যেহেতু এটি শিশু আইনের অধীন মামলা, সেহেতু তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ উপার্জনের কথা স্বীকার করেছে। তার স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।

তিনি বলেন, ‘অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর