বাগেরহাট: পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসে সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা অস্ত্র ও গুলিসহ আটক হয়েছেন।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতর এক প্রেস ব্রিফিং করে নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসে। এ ঘটনায় ২০ এপ্রিল রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক হওয়া দস্যু সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার মধ্যরাত ২টায় সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক হওয়া ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতা করে আসছিলো।
চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালনা করে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।