Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৩ শিশুসহ ৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২০:০৮

বজ্রপাতের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত এবং তিন শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামের ছোট শালমারা বিল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় জেলে মিলন মিয়া (৩৫) এবং কৃষক তালেব উদ্দিন (৪৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে এলাকার জেলেরা বিলে মাছ ধরছিলেন। এ দৃশ্য দেখতে স্থানীয় শিশুসহ ১৫ থেকে ২০ জন লোক ভিড় করেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন শিশুসহ কমপক্ষে ১১ জন আহত হন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়া ও তালেব উদ্দিনের মৃত্যু হয়। কৃষক তালেব উদ্দিন ঘটনার সময় পাশের একটি পুকুরে পানা তুলছিলেন।

বিজ্ঞাপন

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার সময়ই দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. নুরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ অংশ নেন। আহতদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর গড়ে ৩.৩৬ মিলিয়ন বজ্রপাত হয় এবং এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জনের প্রাণহানি ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাগুলোর নাম উঠে এলেও রংপুরসহ উত্তরাঞ্চলেও এ ঝুঁকি কম নয়। কৃষক ও জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, বিল বা উঁচু স্থান এড়িয়ে চলা, ধাতব বস্তু থেকে দূরে থাকা এবং নিরাপদ আশ্রয় নেওয়া জরুরি।

সরকারি ও বেসরকারি উদ্যোগে বজ্রপাত নিরাপত্তা দিবস পালন ও সচেতনতা বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর