Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ‘কৃষক কার্ড’ বিতরণ, কৃষিতে নতুন যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ২১:৩৮

কৃষাণীদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।

পিরোজপুর: জেলার নেছারাবাদ উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর উপজেলার ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেন। একইসঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তাপ্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আপলোড করা যাবে না। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংশ্লিষ্ট দফতরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান।’

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর