কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশারচাপায় আয়েশা সিদ্দিকা (৬) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা ওই এলাকার দিনমজুর নুরুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুস সালাম জানান, সকালে আয়েশা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় একটি বেপরোয়া গতির সিএনজি তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। পরে সিএনজিটির চাকায় পিষ্ট হয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কাদের বলেন, মহেশখালীতে প্রতিনিয়ত বেপরোয়া সিএনজি, ডাম্পার ও টমটমের কারণে দুর্ঘটনা ঘটছে। এতে শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ নিহত ও আহত হচ্ছেন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন। তবে এসব লাইসেন্সবিহীন, অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের মতে, মহেশখালীর সড়কে শৃঙ্খলার অভাব ও তদারকির ঘাটতির কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।