Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর সমুদ্রে ১৫ মানব পাচারকারী আটক, উদ্ধার ১৫৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২২:০১

কক্সবাজার: সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার ভোররাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বোট থেকে নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করছিল।

উদ্ধার ব্যক্তিদের পরিচয় যাচাই ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর