Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ‘কষ্টিপাথরের’ মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২৩:১৫

গ্রেফতার পাচারকারী।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলার আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ গ্রামে এ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

গ্রেফতার সাদ্দাম শেখ ওই গ্রামের আকবার শেখের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা বুড়াইচ গ্রামের একটি পুকুরপাড়ে তল্লাশি চালায়। এ সময় লতাপাতা দিয়ে অত্যন্ত কৌশলে ঢাকা অবস্থায় বিশাল আকৃতির কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসানাত খান বলেন, ‘এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে সোমবার (১৯ জানুয়ারি) আদালতে পাঠানো হবে। তবে এটা কষ্টিপাথর কিনা বলতে পারছি না, মনে হচ্ছে একটা কালো পাথর।’

এলাকাবাসীর ধারণা, এ ধরনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকারও বেশি মূল্যে বিক্রি হয়ে থাকে। তবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী, প্রাচীন প্রত্নসম্পদ ব্যক্তিগত মালিকানায় রাখা কিংবা কেনাবেচা শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর