শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের তিন ফসলি কৃষিজমিতে অবৈধ ও অপরিকল্পিত মাছের প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের পক্ষে জানে আলম হাওলাদার বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদারসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার বলেন, ‘বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে একটি চক্র এই ইউনিয়নের আরজিপম ও পাপরাইল এলাকায় প্রায় ৬০ একর তিন ফসলি জমি অবৈধভাবে কেটে অপরিকল্পিত মাছের খামার করছে। এতে করে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ‘
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, তিন ফসলি জমিতে অবৈধভাবে মাছের প্রকল্প স্থাপন, মাটি কাটা এবং জমি দখলের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ছে। এ ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা গংদের দ্রুত বিচার দাবিও করেন তারা।
এ বিষয়ে ছয়গাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, ‘আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন নিয়ে মাছের প্রজেক্ট করছি।’
তবে অনুমতিপত্র দেখতে চাইলে সাংবাদিকদের তা দেখাতে পারেননি মাছের খামার করার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা।