ঢাকা: অমর একুশে বইমেলার আজ ছিল ১৭তম দিন। প্রতিদিনের মতোই মেলায় পাঠক-দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি প্রকাশ হচ্ছে নতুন নতুন বই।
শনিবার (১৪ মার্চ) মেলায় এসেছে ১৫৭টি বই। এ নিয়ে চলতি মেলায় প্রকাশিত মোট নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১টিতে।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭তম দিনে মেলায় আসা ১৫৭টি বইয়ের মধ্যে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, জীবনী, অনুবাদ ও শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি।
এদিন মেলায় প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি নতুন বইয়ের মধ্যে রয়েছে— বাংলা একাডেমি প্রকাশিত মার্কাস অরেলিয়াসের মূল গ্রন্থ এবং খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদে ‘মেডিটেশনস’। অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অরবিন্দ পান্থি সম্পাদিত মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘মেজর জিয়াউর রহমান : একটি জাতির জন্ম’।
এ ছাড়া, জাগৃতি প্রকাশনী প্রকাশ করেছে ড. মঞ্জুর মোর্শেদের কবিতার বই ‘অসমাপ্ত গল্পের বই ও ভালোবাসার মৃত্যু’। পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স থেকে এসেছে ড. রুমানা আহমেদ চৌধুরীর গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের নারী বাংলাদেশের কবিতা’।
পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রকাশ করেছে তাশরিক-ই-হাবিব রচিত গবেষণাধর্মী বই ‘কথাশিল্পী শহীদুল জহির’ এবং আকিমান রহমানের শিশুসাহিত্য ‘রৌদ্রে কুসুমে বিরিঞ্চিপত্রে যেটুকু ব্যথা খচিত হয়ে আছে’। পাঠক সমাবেশ প্রকাশ করেছে আবুল আহসান চৌধুরীর ইতিহাসবিষয়ক বই ‘বুদ্ধির মুক্তি আন্দোলন: শতবর্ষের সমীক্ষণ’।
এ ছাড়া, মাছরাঙা প্রকাশন এনেছে তানজিম রেদওয়ানের গবেষণা গ্রন্থ ‘এ চাইল্ডস কোয়েশ্চন টু কাইন্ডনেস’ এবং কলি প্রকাশনী প্রকাশ করেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’।
মেলার ১৭তম দিন শনিবার ছুটির দিন হওয়ায় সকালে শিশুপ্রহর অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠকের সমাগম আরও বাড়তে দেখা গেছে।