Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলো ট্রাভেলিংয়ের আদ্যোপান্ত

লাইফস্টাইল ডেস্ক
৬ জুলাই ২০২৬ ১৮:০২

‘মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি- আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি!’ কিন্তু কর্মব্যস্ত জীবনের জটিল সমীকরণে সবার ছুটি আর প্ল্যান একসাথে মেলানো যেন এক আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডা জমিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ যেমন আলাদা, তেমনই জীবনের কোনো এক বাঁকে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া বাড়াতে একলা পথে নামার অভিজ্ঞতাও অন্যরকম।

সলো ট্রাভেলিং বা একা ভ্রমণ শুধু ঘুরে বেড়ানো নয়, এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি প্রক্রিয়া। তবে একা যাত্রার রোমাঞ্চ যেমন আছে, তেমনই কিছু সতর্কতাও জরুরি।

আসুন জেনে নেই, নিজের প্রথম একা ভ্রমণকে নিরাপদ ও স্মরণীয় করতেকরণীয় বিষয়গুলো…

বিজ্ঞাপন

মানসিক প্রস্তুতি ও আত্মপ্রত্যয়

সবচেয়ে বড় বাধাটি আসে মনের ভেতর থেকে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে একা কোথাও যাওয়াকে অনেকেই বাঁকা চোখে দেখেন। তাই চারপাশের নেতিবাচক মন্তব্য বা ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ওপর ভরসা রাখুন। এই যাত্রায় আপনিই নিজের অভিভাবক, আপনিই গাইড।

সঠিক গন্তব্য নির্ধারণ

প্রথমবারের মতো একা বের হলে এমন কোনো জায়গা বেছে নিন যা পর্যটক-বান্ধব (Tourist-friendly)। যেখানে যাতায়াত ব্যবস্থা সহজ এবং স্থানীয় মানুষজন সাহায্যপরায়ণ, এমন স্থান দিয়ে সলো ট্রাভেলিংয়ের খাতা খুললে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানো সহজ হয়।

পকেট-বান্ধব বাজেট ও আবাসন

একা ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো খরচে লাগাম টানা যায়। দামি হোটেলের বিলাসবহুল রুম বুক না করে শেয়ারিং হোস্টেল, ব্যাকপ্যাকার্স ডরমিটরি কিংবা হোমস্টে বেছে নিতে পারেন। এতে থাকার খরচ যেমন প্রায় অর্ধেক হয়ে যায়, তেমনই দেশ-বিদেশের অন্য সলো ট্রাভেলরদের সাথে চেনা-জানার সুযোগ তৈরি হয়।

আচরণে নম্রতা

কথায় আছে, ‘ব্যবহারে বংশের পরিচয়।’ একা ভ্রমণের সময় আপনার বিনীত ও মার্জিত আচরণ স্থানীয়দের মন জয় করতে সাহায্য করবে। বিপদে-আপদে এই ভালো ব্যবহারই আপনাকে অন্যদের থেকে বাড়তি সাহায্য এনে দিতে পারে।

স্বাধীনভাবে পথ চলা

দলে ঘুরলে সবার পছন্দ-অপছন্দ, ক্লান্তি বা সময়ের দিকে তাকাতে হয়। কিন্তু একা ভ্রমণের সুবিধা হলো, এখানে কোনো ছক বাঁধা নিয়ম নেই। আপনার যখন ইচ্ছা ঘুম থেকে উঠবেন, যেখানে ইচ্ছা মন চাইলে ঠায় বসে থাকবেন। এই স্বাধীনতা অন্য কোথাও মিলবে না।

স্থানীয়দের সাথে মিশে যাওয়া

ঘুরতে গিয়ে নিজেকে খুব বেশি ‘বহিরাগত’ বা ‘টুরিস্ট’ হিসেবে জাহির না করাই বুদ্ধিমানের কাজ। বডি ল্যাঙ্গুয়েজ এমন রাখুন যেন মনে হয় আপনি এই জায়গার অলিগলি ভালো করেই চেনেন। বিশেষ করে গণপরিবহনে চলার সময় আপনি যে একা বা সম্পূর্ণ নতুন, তা হাবেভাবে প্রকাশ না করাই নিরাপদ।

লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার

যাতায়াতের জন্য রিজার্ভ গাড়ি বা ট্যাক্সি এড়িয়ে লোকাল বাস, ট্রেন বা সিএনজি ব্যবহার করুন। তবে ওঠার আগেই স্থানীয়দের কাছ থেকে আসল ভাড়াটা জেনে নিয়ে চালকের সাথে কথা পাকা করে নিন। এতে পকেটের টাকা যেমন বাঁচবে, ভ্রমণের আসল স্বাদও পাবেন।

নিরাপত্তা সবার আগে

অ্যাডভেঞ্চার ভালো, তবে তা যেন ঝুঁকির কারণ না হয়। রাতের বেলা নির্জন বা অপরিচিত রাস্তায় হাঁটাচলা বন্ধ রাখুন। সন্ধ্যার পর ঘুরতে মন চাইলে আলো-ঝলমলে ও জনাকীর্ণ জায়গায় যান। সাধের দামি গ্যাজেট বা গয়নাগাটি বাড়িতে রেখে আসাই শ্রেয়।

জরুরি নথিপত্র ব্যাকআপ

ভ্রমণের সমস্ত দরকারি কাগজ (যেমন: পাসপোর্ট, আইডি কার্ড, ভিসা, বুকিং মানি রসিদ) আসল কপির পাশাপাশি ব্যাগের অন্য পকেটে কয়েক সেট ফটোকপি রাখুন। মোবাইল ও ক্লাউড স্টোরেজেও (Google Drive) এগুলোর স্ক্যান কপি সেভ করে রাখুন।

ভার্চুয়াল কানেক্টিভিটি (লোকেশন শেয়ার)

একা ঘুরছেন তার মানে এই নয় যে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। সবসময় পরিবারের কোনো নির্ভরযোগ্য সদস্য বা বন্ধুর সাথে ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকুন। গুগলে লাইভ লোকেশন শেয়ার করে রাখতে পারেন। আপনি কোন হোটেলে আছেন, তার ঠিকানা ও ফোন নম্বর অন্তত একজনকে জানিয়ে রাখুন।

পোশাকের সাধারণত্ব

জমকালো বা অতি আধুনিক পোশাকের চেয়ে আরামদায়ক ও সাধারণ ক্যাজুয়াল পোশাক বেছে নিন। পোশাক যত সাধারণ হবে, মানুষের অপ্রয়োজনীয় মনোযোগ বা কুদৃষ্টি তত কম পড়বে।

তথ্যের গোপনীয়তা ও সতর্কতা

হোটেল রেজিস্ট্রি বা ট্যুর এজেন্সিতে সঠিক তথ্য দিন। তবে পথে চট করে আলাপ হওয়া কোনো অপরিচিত মানুষের কাছে নিজের ব্যক্তিগত জীবন, বাড়ির ঠিকানা বা আপনি একা ভ্রমণ করছেন-এমন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

সিদ্ধান্তহীনতা দূর করা

যেকোনো পরিস্থিতিতে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা রাখুন। কোনো কাজ বা কোনো রাস্তা নিয়ে যদি মনে সামান্যতম দ্বিধা বা খটকা জাগে, তবে সেই পথ মাড়াবেন না। নিজের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় বা ‘গাট ফিলিং’কে গুরুত্ব দিন।

জরুরি নম্বর হাতের কাছে রাখা

যে এলাকায় যাচ্ছেন, সেখানকার স্থানীয় থানা, ট্যুরিস্ট পুলিশ এবং হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর ডায়রিতে বা ফোনে সেভ করে রাখুন।

নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে

নিজের প্রয়োজনীয় ওষুধ, ফার্স্ট এইড বক্স, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার আর পানির বোতল সবসময় পিঠের ব্যাগে রাখুন। অচেনা কারও দেওয়া খাবার বা পানীয় ভুলেও গ্রহণ করবেন না। অপরাধীরা একা মানুষকে সহজেই টার্গেট করে, তাই সতর্কতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র।

উল্লেখ্য, পৃথিবীর নিয়মকানুন ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলুন। একা পথ চলা মোটেও ভয়ের কিছু নয়, যদি আপনার ঝুলিতে থাকে সঠিক পরিকল্পনা আর উপস্থিত বুদ্ধি। পৃথিবীর লাখো মানুষ একাই চষে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে। তাহলে আপনি কেন নয়?

সারাবাংলা/এনএল/এএসজি