বৈশাখের ঝোড়োহাওয়া কিংবা রিনিঝিনি বৃষ্টির স্নিগ্ধতা সবার মনে দোলা দিলেও, কর্মজীবী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া নারীদের জন্য এই সময় পথ চলা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। রাস্তার জমে থাকা কাদা-জল, স্যাঁতসেঁতে পরিবেশ আর হুটহাট বৃষ্টির কারণে সাধের জুতো জোড়া নষ্ট হওয়ার ভয় তো থাকেই, সেই সাথে পায়ের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হয়। তবে বর্ষা মানেই কিন্তু ফ্যাশনে আপস করা নয়। আধুনিক লাইফস্টাইলে বৃষ্টির দিনে পায়ের আরাম ও ট্রেন্ডি লুক; দুই-ই একসাথে বজায় রাখার সবচেয়ে সেরা অনুষঙ্গ হলো বুট জুতা। একসময় বুটকে কেবল শীতের পোশাক ভাবা হলেও, এখন উপাদান আর ডিজাইনের বৈচিত্র্যের কারণে এটি নারীদের বর্ষাকালীন ফ্যাশনের অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে।
বুট জুতায় যে উপাদান বেছে নেবেন
বৃষ্টির দিনে বুট পরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর উপাদান বা ম্যাটেরিয়াল। সাধারণ চামড়া বা সুয়েড লেদারের বুট এই মৌসুমে এড়িয়ে চলাই ভালো, কারণ পানিতে ভিজলে এগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং ছত্রাক বা ফাঙ্গাস পড়ার আশঙ্কা থাকে। বর্ষার জন্য সবচেয়ে উপযোগী হলো ওয়াটারপ্রুফ বা পানি-নিরোধক পিভিসি (PVC), রাবার বা সিন্থেটিক লেদারের তৈরি গামবুট এবং অ্যাঙ্কলেট বুট। এগুলো যেমন সহজে পানি শুষে নেয় না, তেমনি কাদা লাগলে সামান্য পানি দিয়ে ধুয়ে নিলেই একদম নতুনের মতো ঝকঝকে হয়ে ওঠে। তাছাড়া এই জুতো জোড়া দীর্ঘস্থায়ী হওয়ায় বর্ষার পুরোটা সময় নিশ্চিন্তে কাটানো যায়।
পোশাকের সাথে বুটের মেলবন্ধন
বর্ষার বুট জুতার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ওয়েস্টার্ন এবং ক্যাজুয়াল; দুই ধরণের পোশাকের সাথেই দারুণ মানিয়ে যায়। যারা নিয়মিত জিন্স, জেগিংস বা লেগিংস পরেন, তারা গোড়ালি সমান উঁচু বা ‘অ্যাঙ্কলেট বুট’ বেছে নিতে পারেন। জিন্সের নিচের অংশটি বুটের ভেতরে গুঁজে দিলে কাদার ছিটকে আসা দাগ থেকে কাপড় বাঁচে, আবার দেখতেও বেশ স্মার্ট লাগে। এছাড়া শর্ট কুর্তি, লং শ্রাগ কিংবা ট্রেন্ডি রেইনকোটের সাথে সেমি-লং রাবার বুট পরলে পুরো লুকে একটি চমৎকার ফিউশন তৈরি হয়, যা বর্ষার কর্দমাক্ত দিনেও আপনাকে রাখবে ভিড়ের মাঝে অনন্য।
গ্রীষ্ম ও বর্ষায় যে রঙ বেছে নেবেন
মেঘলা আকাশে চারপাশ যখন ধূসর আর অন্ধকার দেখায়, তখন পোশাকে বা জুতায় একটু উজ্জ্বল রঙের ছোঁয়া মনকে নিমেষেই ভালো করে দিতে পারে। বর্ষার বুট জুতোয় এখন কালো বা বাদামি রঙের পাশাপাশি নিয়ন, চেরি রেড, নেভি ব্লু, অলিভ গ্রিন এমনকি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট ডিজাইনের বেশ চল দেখা যাচ্ছে। তরুণীদের মাঝে ফ্লোরাল প্রিন্ট বা পোলকা ডটের রাবার বুটও এখন বেশ জনপ্রিয়। অফিসে যাওয়ার জন্য গ্লসি ব্ল্যাক বা ম্যাট ফিনিশের পিভিসি বুট বেছে নিলে যেমন পেশাদারিত্ব বজায় থাকে, তেমনি বন্ধুদের আড্ডায় রঙিন বা প্রিন্টেড বুট লুকে যোগ করে বাড়তি প্রাণবন্ততা।
পায়ের সুরক্ষা কিছু পরামর্শ
বৃষ্টির দিনে বুট পরার ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি পায়ের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। বুট জুতো যেহেতু পা পুরোপুরি ঢেকে রাখে, তাই দীর্ঘক্ষণ পরে থাকলে ভেতরে ঘাম জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এই সমস্যা এড়াতে বুটের ভেতরে সবসময় সুতির পাতলা মোজা পরিধান করা উচিত, যা পায়ের ঘাম শুষে নেবে। রাস্তাঘাটে পিছলে পড়ে যাওয়া আটকাতে জুতো কেনার সময় অবশ্যই এর নিচের সোলের গ্রিপ বা খাঁজগুলো ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন; রবার সোলের ভালো গ্রিপযুক্ত জুতো কাদা বা ভেজা পিচ্ছিল রাস্তায় চমৎকার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দিনশেষে ঘরে ফিরে বুট জুতোটি শুকনা কাপড় দিয়ে মুছে ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে নেওয়া দরকার, যাতে কোনো স্যাঁতসেঁতে ভাব বা দুর্গন্ধ না জমার সুযোগ পায়। সঠিক যত্ন আর সঠিক বুট জুতার নির্বাচন এই বর্ষায় আপনাকে কাদা-জলের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দেবে একদম আত্মবিশ্বাসী ও স্টাইলিশ পথ চলার স্বাধীনতা।