Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দিল্লি থেকে সুস্থ থাকার বার্তা দিলেন রুনা লায়লা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ মে ২০২৬ ১৭:০৩

ভারতের দিল্লিতে একটি সম্মানজনক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক গুজবের শিকার হলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার (৪ মে) সন্ধ্যায় হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ভিত্তিহীন সংবাদে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তীব্র উদ্বেগ এবং বিভ্রান্তি তৈরি হয়।

তবে ভক্তদের আশ্বস্ত করে রুনা লায়লা নিজেই জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি এই গুজব নাকচ করে লেখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি!’ এমন সংবেদনশীল তথ্য যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেবেন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা।’

বিজ্ঞাপন

মিনার-ই-দিল্লি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এই তারকা। সেখান থেকেই তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা এবং ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিরক্ত হয়েছেন। পরিচিত এবং ভক্তরা অত্যন্ত চিন্তিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। রুনা লায়লা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতেও অনেক গুণী তারকাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভুয়া খবর ছড়ানো হয়েছে। এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে বলে তিনি ধারণা করছেন।

নিজের এবং পরিবারের মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার কেবল শিল্পীকে বিব্রত করে না, তার স্বজনদেরও চরম উদ্বেগের মুখে ফেলে দেয়। তাই এসব চক্রকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। বর্তমানে এই কিংবদন্তি শিল্পী দিল্লিতে নিরাপদ আছেন এবং শীঘ্রই সুস্থ শরীরে দেশে ফিরবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর