Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১২:৪৯

ঢাকা: রাজধানীজুড়ে ভ্যাপসা গরমের অস্বস্তির মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১১ মে) দুপুরের মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সোমবারের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর