বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজকে সামনে রেখে ওয়ানডে ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
বিসিবির প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা, যা এই সিরিজের সবচেয়ে কম মূল্যের টিকিট। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের ব্যয় করতে হবে ৪০০ টাকা।
ক্লাব হাউজের আওতাধীন শহীদ মুশতাক আহমেদ স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। অন্যদিকে কর্পোরেট ব্লকের ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ স্ট্যান্ডের প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। এই স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করতে একজন দর্শককে গুনতে হবে ২ হাজার ৫০০ টাকা।
এবারও দর্শকদের জন্য থাকছে না সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনার সুযোগ। সাম্প্রতিক কয়েকটি সিরিজের ধারাবাহিকতায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টিকিটও শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে। সমর্থকদের বিসিবির নির্ধারিত টিকিটিং প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামী ৯, ১১ ও ১৪ জুন রাজধানীর মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।