Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচার প্রশাসন প্রশিক্ষণের মহাপরিচালক হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ২০:৪৮

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১৫ নং আইন)-এর ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মহাপরিচালক পদে বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

তিনি উক্ত পদে কর্মরত থাকাকালে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

বিজ্ঞাপন

এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান তিনি।

এর আগে তিনি জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/কেআইএফ/একে