চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী কলেজ ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর পাহাড়তলী থানার হাক্কানি পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মেহেদী হাসান আরিফ (২৮) ও শারমিন আক্তার (২২)। তাদের বাসা নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির এম-ব্লকে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মেহেদী হাসান আরিফ স্কুটি বাইক চালাচ্ছিলেন। শারমিন পেছনে বসা ছিলেন। হাক্কানি পেট্রোল পাম্প ফেলে ছোট ব্রিজের ওপর তাদের বাইক ওঠার পর পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। দুজনই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমরা কয়েকজন মিলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
শারমিনের ভাই জয় মামুন সারাবাংলাকে বলেন, ‘আমার বোন চট্টগ্রাম আইন কলেজের এলএলবি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আরিফ ভাই আমাদের প্রতিবেশী এবং তার বন্ধু। দুজন বাসা থেকে বেরিয়ে একটি কাজে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে এসে তাদের মৃত অবস্থায় পেয়েছি।’