Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝড়ে লন্ডভন্ড ২০টি গ্রাম, শিশুসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ১৯:১০ | আপডেট: ১ জুন ২০২৪ ২৩:০২

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ঝড়ের কবলে পড়ে দুই নারীসহ জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পাড়িয়া ইউনিয়ন ও দুওসুও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪০), একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (৫০) এবং একই উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈয়ুম।

স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজের সময় হওয়া ঝড়ে দু‘টি ইউনিয়নের ২০টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। এদিকে ঘটনার পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচ, বোরো ধান, পটলসহ বিভিন্ন ফসল।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ১২টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ি, বটের হাট, হরিপুরসহ আটটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশির ভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে ঘরের ওপর।

পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ঝড়ে ৪০টির বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে এবং ভেঙে গেছে। এছাড়াও অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।’

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার বলেন, ‘ইউপি চেয়ারম্যান এবং আমাদের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে।’

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, ‘ঝড়ে ৩ জনের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

সারাবাংলা/এমও