গাজীপুর: গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর থানার মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়া জেলার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)। আহত আব্দুল হামিদ (৪৫) পাবনা জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ি থেকে মোটরসাইকেলে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাইমাইল ব্রিজের উপর পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কের উপর পড়ে গেলে কাভার্ডভ্যানটি মনজুর ও এহসানকে চাপা দেয়। তারা ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল হামিদ গুরুতর আহত হন। আহত অবস্থায় আব্দুল হামিদকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির চাপায় তারা নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।