Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা নবী উল্লাহ নবী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ১৯:০৩

ঢাকা: যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম তিন দিনের রিমান্ড শেষে নবী উল্লাহ নবীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর ধোলাইপাড়ের বিজিবি মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করেন আসামিরা। পরে তারা দেশি অস্ত্র ও ককটেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। নবীসহ অপর আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

ঘটনাস্থলে রাস্তার পাশে পার্কিং করা গ্রেড তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানির দুইটি বাসে অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেন।

সারাবাংলা/এনইউ