Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রীর কলেজের টাকা ছিনতাই, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ১৮:৪৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৮:৪৬

চট্টগ্রাম ব্যুরো : সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাতে নগরী এবং লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাইয়ের সময় ব্যবহার করা মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতার দু’জন হলেন, নাজিম উদ্দিন (৪৫) ও হারুনুর রশিদ মিসবাহ (৩৩)। নাজিমের বাড়ি লোহাগাড়া উপজেলায় এবং মিসবাহ নগরীর বাকলিয়ার বাসিন্দা।

গত ১৩ আগস্ট নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নৈশপ্রহরী নুরুল আলম। নগরীর বাকলিয়ায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বিজ্ঞাপন

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সারাবাংলাকে জানান, ১৩ আগস্ট দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা তুলতে অফিস সহকারি মোহাম্মদ সালাহউদ্দিন নৈশপ্রহরী নুরুল আলমকে নিয়ে বাকলিয়ার কালামিয়া বাজারের স্ট্যান্ডার্ড ব্যাংকে যান। মোট ৩ লাখ ৯৬ হাজার ৪৭৪ টাকা তুলে তারা দু’টি প্যাকেটে নেন। সালাহউদ্দিনের কাছে থাকা প্যাকেটে ছিল আড়াই লাখ টাকা। নুরুল আলমের কাছে ছিল এক লাখ ৪৬ হাজার ৪৭৪ টাকা।

তারা ব্যাংক থেকে বের হওয়ার পর মোটর সাইকেলে দু’জন এসে নুরুল আলমের হাত থেকে প্যাকেটটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় সালাহউদ্দিন বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

ওসি আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে শনাক্ত করি। কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। দু’মাস পর নিজ নিজ এলাকায় ফিরে এলে অবস্থান শনাক্ত করে আমরা নাজিমকে লোহাগাড়া এবং মিসবাহকে বাকলিয়া থেকে গ্রেফতার করি। তাদের আজ (সোমবার) আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গ্রেফতার নাজিমের বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও বান্দরবান সদর থানায় মোট ৭টি এবং মিসবাহ’র বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা আছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ