Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মেসিকে ‘ঘুম পাড়াতে’ চায় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই ২০২৬ ০৯:০৮

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলারদের মন্তব্যকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। ইয়ান রাইটের ‘আর্জেন্টিনাকে ভয় পাই না’ এবং জো কোলের ‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’ মন্তব্যকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

২৪ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। নরওয়েকে হারিয়ে শেষ চারে ওঠা থমাস টুখেলের দলকে অনেকেই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করার মতো শক্তিশালী বলেই মনে করছেন। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ইয়ান রাইট ‘স্টিক টু ফুটবল’ অনুষ্ঠানে বলেছেন, ‘ফ্রান্স বা স্পেনকে আমি যতটা ভয় পাই, আর্জেন্টিনাকে ততটা পাই না। তাদের নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। আমি মনে করি, আমরা আর্জেন্টিনাকে হারাব।’

বিজ্ঞাপন

অন্যদিকে সাবেক চেলসি মিডফিল্ডার জো কোল ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে বলেছেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা সেটাই করব। এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব। আর্জেন্টিনাকে হারানোর মতো গতি আমাদের আছে।’ আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে তার এই বক্তব্য অসংখ্য সমালোচনার জন্ম দিয়েছে।

কোলের এই মন্তব্যের পরই আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘ওলে’ প্রথম পাতায় শিরোনাম করেছে, ‘ইংল্যান্ড আমাদের খাটো করে দেখছে, প্রাপ্য সম্মান দাও।‘ প্রতিবেদনে দাবি করা হয়, ইংলিশ গণমাধ্যম ও সাবেক খেলোয়াড়দের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। একই সঙ্গে তারা আর্জেন্টিনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, যখন ইংল্যান্ড শিবিরেই জুড বেলিংহাম ও কোচ থমাস টুখেলের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরেও অবশ্য অস্বস্তি দেখা দিয়েছে। নরওয়েকে হারানোর পর কোচ থমাস টুখেল নিজের দলকে ‘ভাগ্যবান’ বলায় বিস্ময় প্রকাশ করেন জুড বেলিংহাম, ‘হয়তো তিনি বোঝেন না, হলান্ড, ওদেগার্দ, নুসা বা সোরলোথদের বিপক্ষে খেলা কতটা কঠিন। সব ম্যাচ সুন্দর ফুটবল খেলে জেতা যায় না, কখনো কখনো লড়াই করেও জিততে হয়।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর