চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে পিরোজপুরে বন্ধুকে খুন করে পালিয়ে আসা এক যুবকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) রাতে পাহাড়তলী থানার হাজীক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- শেখ রুম্মান হোসেন (৩০) ও মাসুম বিল্লাহ (৩৩)।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) জসীম উদ্দিন সারাবাংলাকে জানান, রুম্মান পিরোজপুরে তার এক বন্ধুকে খুন করে প্রথমে ঢাকায় পালিয়ে যায়। সেখানে গিয়ে তার আরেক বন্ধু মাসুম বিল্লাহর কাছে আশ্রয় নিয়েছিল। পেশায় কাভার্ড ভ্যান চালক মাসুম বন্ধু রুম্মানকে লুকিয়ে রাখার জন্য চট্টগ্রামে নিয়ে আসেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় হাজী ক্যাম্প এলাকায় পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় পিরোজপুরে মোবাইল চুরি করে তারা চট্টগ্রামে আত্মগোপন করেছে।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ ও পিরোজপুর জেলা পুলিশের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের বিষয়টি জানা যায়।
উপ-কমিশনার জসীম আরও জানান, নিহত অপু ও গ্রেফতার রু্মমান শেখ ব্যবসায়ীক বন্ধু ছিল। তারা যৌথভাবে সুপারি ব্যবসা করতেন। ব্যবসায়ীক বন্ধুত্বের কারণে তাদের দুইজনের মধ্যেই বাড়িতে আসা যাওয়া ছিল। রুম্মান বোনের সঙ্গে অপুর পরকীয়া সম্পর্ক এবং ব্যবসার জন্য আর্থিক লেনদেন ছিল। বিষয়টি তার পরিবারের সদস্যরা মানতে পারেনি।
রুম্মনের পরিবারের সদস্যরা মিলে অপুকে খুন করা পরিকল্পনা করেছিল জানিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী গত ১ অক্টোবর বাড়ির পেছনে খড়ের গাঁধার মধ্যে গর্ত করে রেখেছিল তারা। ৪ অক্টোবর পরিকল্পনা করে রুম্মন তার বাড়িতে অপুকে নিয়ে আসেন। রাতে খাওয়া দাওয়ার পর মা, বোনসহ কয়েকজন মিলে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় অপুকে। পরে লাশটি আগে থেকে মাটি চাপা দিয়ে রাখে।’
এরপর শনিবার সকালে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামের রুম্মানের বাড়ির পাশে খড়ের গাদা থেকে অপুর লাশ পাওয়া যায়।