Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপে ‘ভারতবিরোধী’ নেতা মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ১০:২৭ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৩:৫৪

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন মোহামেদ মুইজ্জু। তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে পরাজিত করেছেন।

মালদ্বীপের রাজনীতিতে মোহামেদ মুইজ্জু চীনপন্থি হিসেবে পরিচিত। তিনি নির্বাচনি প্রচার অভিযানে কট্টর ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি ছিল, মালদ্বীপে ভারতের প্রভাব খর্ব করার। মালের সাবেক মেয়র মুইজ্জুর স্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’। অন্যদিকে, প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থি।

ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটিতে চীন ও ভারত বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করে। এবারের নির্বাচনে ভারতপন্থি প্রেসিডেন্টকে পরাজিত করে চীনপন্থি নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এতে পাঁচ বছর পর ফের একবার মালেতে বেইজিং ঘেঁষা নেতৃত্ব আসলো।

বিজ্ঞাপন

২০১৮ সালে ক্ষমতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা সোলিহ। তার সময়ে তিনি ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক জোরদার করেছেন। তার সরকারের কূটনৈতিক নীতিকে তিনি ভারত প্রথম বলে অভিহিত করেন।

এর আগে, মুইজ্জুর দল শেষবার যখন ক্ষমতায় ছিল তখন বেইজিংয়ের প্রভাববলয়ে ছিল মালদ্বীপ। সেসময় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বৃহৎ আর্থিক সুবিধা পায় মালদ্বীপ।

এবার মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোটগ্রহণ হয়েছে। ৯ সেপ্টেম্বর ভোটে ৪৫ বছর বয়সী মোহামেদ মুইজু পেয়েছিলেন ৪৬ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ৬১ বছর বয়সী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ পেয়েছিলেন ৩৯ শতাংশ ভোট। দুইজনের কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় শনিবার (৩০ সেপ্টেম্বর) ফের ভোটগ্রহণ হয়। মুইজ্জুর কাছে ক্ষমতা হস্তান্তরের আগে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন সোলিহ।

সারাবাংলা/আইই