চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া এক মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জে একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কামরুল হুদা দুদকের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কুমিল্লা কার্যালয়ে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে বলেন, ‘পরিমল ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে কামরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরিমল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আজ (রোববার) আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘দুদক কর্মকর্তা পরিচয়ে কয়েকদিন আগে কামরুল তাকে ফোন করেছিলেন।
এসময় কামরুল জানান, পরিমলের বিরুদ্ধে দুদকে অভিযোগ এসেছে। সমাধান করতে হলে ২০ লাখ টাকা লাগবে। এ আলাপের ভিত্তিতে টাকা নিতে শনিবার রাতে কামরুল আরও কয়েকজনকে নিয়ে কাতারগঞ্জের রেস্তোরাঁয় যান। পরিমলের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।’
গ্রেফতারের সময় কামরুল নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিলেও তার কাছে কোন পরিচয়পত্র ছিল না বলে ওসি জানান।