Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিল ভর্তি প্রাইভেটকার ফেলে পালাল মাদক ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৩

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ফেনসিডিলবাহী প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। আর ধাওয়া খেয়ে ফেনসিডিলসহ প্রাইভেটকার ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ প্রাইভেটকারটি থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ সময় অধিদফতরের সিপাই মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬) আহত হয়েছেন।  তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল পিকআপ নিয়ে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ধাওয়া খেয়ে রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি জব্দ করে। এ সময় প্রাইভেটকারে থাকা পাঁচটি কার্টুন থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালি মহাসড়কে অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিই। কিন্তু গাড়িটি সিগন্যাল অমান্য করে চলে যায়। তখন আমাদের গোয়েন্দা কার্যালয়ের পিকআপ নিয়ে দুই সদস্য সেই গাড়িটিকে ধাওয়া করে। তখন পিকআপটি খাদে পড়ে তারা আহত হন। আর প্রাইভেটকারটি ফেলে চালক ও এর আরোহীরা পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো