চট্টগ্রাম ব্যুরো: বন্যাকবলিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানির স্রোতে তলিয়ে যাওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। দুই উপজেলায় পানির স্রোতে ভেসে যাওয়া আরও অন্তত পাঁচজন নিখোঁজ আছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার দোহাজারি জামিরজুরি কাছিউল উলুম মাদরাসার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, বুধবার (৯ আগস্ট) রাতে একইসঙ্গে নিখোঁজ হওয়া তার নাতির লাশ উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে জামিরজুরি এলাকায় প্রায় ৮০ বছর বয়সী আবু সৈয়দ এবং তার নাতি আনিস (১২) পানির স্রোতে তলিয়ে যায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, বুধবার সন্ধ্যার পর মাদরাসার কাছে নাতি আনিসের লাশ পাওয়া গিয়েছে। সকালে একইস্থানে দাদার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
অতি ভারি বর্ষণ ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়ায় দুইজন, লোহাগাড়ায় দুইজন, চন্দনাইশে দুইজন, বাঁশখালীতে একজন, রাউজানে একজন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।