Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না মোটরসাইকেল-সিএনজি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ১৯:৫৬ | আপডেট: ৯ জুলাই ২০২৩ ১১:৩৪

ঢাকা: ঢাকা শহরের যানজট নিরসনে আগামী সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু করা হবে। তবে এতে সব ধরনের যানবাহন চললেও মোটরসাইকেল ও থ্রি-হুইলার (সিএনজি) চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ জুলাই) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ‘কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন’ শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী সেপ্টেম্বরে চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ হ্রাস পাবে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। প্রকল্পে ওঠা-নামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‍্যাম্প রয়েছে। র‍্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।’

সারাবাংলা/ইউজে/ইআ