ঢাকা: রাজধানী সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ভবনের মালিকসহ ৩ জনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১২ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন-ভবন মালিক ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান এবং মোতালেব মিন্টু।
এদিকে, বংশাল থানায় করা ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলার মামলায় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত আগামি ১৪ মার্চ আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
গত ৯ মার্চ সাধারণ ডায়েরি (জিডি) মূলে ৫৪ ধারায় দুই দিনের মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে।