Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্তধারা ঝরনা আটকে পড়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৭:৪৫

ঢাকা: চট্টগ্রামের সীতাকুন্ডের ইকোপার্কে ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝরনা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে আটকা পড়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১০ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন আনাইরপাড়া থেকে ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তার ছোট ভাই এবং তার বন্ধুরা মিলে সীতাকুন্ডের ইকোপার্কে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে তারা ৪ জন আটকা আছে। আটকে পড়া সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ থেকে তাৎক্ষণিক সীতাকুন্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে তিন কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝর্ণার আটক থাকা চারজনকে নিরাপদ স্থানে নিয়ে আসে।