ঢাকা: ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) অফিস এখন বনানীতে। ধানমন্ডি থেকে সংগঠনটির অফিস বনানীতে স্থানান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠার ৮ম বছরে বনানীর ২৩/এ সড়কের বি ব্লকে ৪ নম্বর বাড়ির সুপরিসর এই স্মার্ট অফিসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে ২৪ নভেম্বর। অফিসে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সচিবালয় কর্মকর্তাদের বাইরেও সকল সদস্যের জন্য রয়েছে স্পেশাল লাউঞ্জ।
শুক্রবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব।
সংগঠনটির প্রতিষ্ঠানকালীনসহ সাধারণ সদস্য, উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালায়ের উর্ধ্বতন কর্মকর্তা আর সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে কেক কেটে বৃহস্পতিবার বিকেলে নতুন অফিসটি উদ্বোধন করেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

বাণিজ্যমন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, এফবিসিসিআই সহ-সভাপতি আমিন হেলালী এবং এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘লাইফটাইম চেয়ারম্যান অব অ্যাসোসিও’ আব্দুল্লাহ এইচ কাফি এসময় উপস্থিত ছিলেন।
কেক কাটার পর নতুন অফিসে ই-ক্যাবের সুদূর-যাত্রায় শুভকামনা জানিয়ে একে একে জড় হন খাতসংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এদের মধ্যে বিসিএস সভাপতি সুব্রত সরকার, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া, বেসিস নির্বাহী কমিটির সদস্য লিয়াকত হোসেন, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাহী সদস্য ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে নতুন অফিসের বৈঠকখানায় আসন্ন বৈশ্বিক সঙ্কট মোকাবেলা করে জাতীয় উন্নয়নে কীভাবে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন, যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সৈয়দা আম্বারিন রেজা, সাঈদ রহমান, ইলমুল হক এবং সদ্য নিযুক্ত পরিচালক খন্দকার তাসফিন আলম ও অর্ণব মোস্তফা উপস্থিত ছিলেন।