Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ‘বিতর্কিত’ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি

জাবি করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২২ ১২:২৫

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিতর্কিত নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনঃবিজ্ঞাপন দিয়ে যোগ্য শিক্ষক নিয়োগের জন্য উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের কাছে আবেদন জানিয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকরা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক নুহু আলম বিভাগীয় সভায় অস্থায়ী নিয়োগ নিয়ে আলোচনা না করে বিজ্ঞাপন ও চূড়ান্ত নিয়োগের কার্যক্রম চালিয়ে যাওয়ায় বিভাগের অন্য শিক্ষকরা অপমানিত ও মর্মাহত বলেও জানিয়েছেন বিভাগের একাধিক শিক্ষক। এই প্রক্রিয়ায় বিভাগের অপ্রয়োজনীয় শাখায় এবং অযোগ্য শিক্ষক নিয়োগ হবে বলে আশংকা করছেন তারা।

বিজ্ঞাপন

জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ২ জন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সেখানে কোন ব্রাঞ্চ উল্লেখ না থাকায় গত ২ জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির বিশেষ সভায় ব্রাঞ্চ উল্লেখপূর্বক পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনের নিকট সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিভাগের পরবর্তী সাধারণ সভায় আলোচনার মাধ্যমে কোন ব্রাঞ্চে শিক্ষক নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়। পরে বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক নুহু আলম বিষয়টি চূড়ান্ত করতে বিভাগে আর কোনো আলোচনা করেননি।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিভাগের ১১ জন শিক্ষক গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের কাছে উপস্থিত হয়ে তাদের আপত্তির বিষয়টি উপস্থাপন করেন। তবে পুনঃবিজ্ঞপ্তি না দিয়েই ইতোমধ্যে ওই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির বিশেষ সভার ২নং আলোচ্যসূচিতে বিভাগের চাহিদার ভিত্তিতে ক্ষেত্র/ব্রাঞ্চ উল্লেখ করে পুনঃবিজ্ঞাপন দিয়ে নিয়োগটি শেষ করতে উপাচার্যের কাছে লিখিত অনুরোধ করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার (৩০ অক্টোবর) উপাচার্য মো. নূরুল আলম বরাবর উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান স্বাক্ষরিত এক লিখিত অনুরোধ লিপি পাঠানো হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম বলেন, ‘নিয়োগ মূলত হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে, যেখানে উপাচার্যসহ নির্ধারিত ব্যাক্তিরা ও নিয়ম অনুযায়ী বিভাগের সভাপতি থাকেন। উপাচার্য বরাবর বর্তমান সভাপতি লিখিত অনুরোধ বা অভিযোগ দিতেই পারেন। এখানে অন্যায় কিছু নেই, তবে অসত্য কিছু লিখে থাকলে সে সম্পর্কে আমি পদক্ষেপ নিতে পারবো। তবে নিয়োগ প্রক্রিয়া সঠিক নিয়ম পালন করেই হয়েছে।’

এ বিষয়ে জাবি উপাচার্য ড. মো. নূরুল আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এমও