Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেতা বাবলী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৭:৩৫

ঢাকা: ধামরাইয়ে গরু চুরির অভিযোগের মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা বাবলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

একই মামলায় আরিফুল ইসলাম নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং শাহাদাৎ হোসেন নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই ইলা মনি এসব তথ্য জানান।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আশরাফুল ইসলাম তিন আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে আরিফুল ইসলামের জবানবন্দি রেকর্ড, শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন এবং বাবলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত আসামি আরিফুলের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত শাহাদাতের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর বাবলীকে কারাগারে পাঠিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে, গত বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেফতার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেফতার করেন পুলিশ।

জানা যায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গুরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা পাওয়া যায়।

গ্রেফতারকৃত বাবলি আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সারাবাংলা/এআই/পিটিএম