ঢাকা: তামাক রোধ ও সচেতনতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০২২’ পেয়েছেন চার সাংবাদিক।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অগ্রগতি ও করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথ ভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পাওয়া সাংবাদিকরা হলেন- প্রিন্ট মিডিয়া বিভাগে দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক এবং ডেইলি সানের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট মোহাম্মদ আল আমিন, অনলাইন মিডিয়া বিভাগে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোছাব্বের হোসেন ও টিভি রিপোর্টিং বিভাগে দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, তামাক মানুষকে ধ্বংস করার অন্যতম উপাদান। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতনতা সৃষ্টির কাজ করলে ২০৪০ সালের আগেই দেশকে তামাকমুক্ত করা সম্ভব হবে। প্রত্যন্ত অঞ্চলসহ সর্বস্তরে এ সচেতনতা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, এন্টি টোব্যাকোর বিরুদ্ধে বিদেশি ব্যবসায়ী ও কোম্পানিগুলো বেশি বিরোধিতা করছে। এক্ষেত্রে আমাদের দেশের ব্যবসায়ী ও কোম্পানির তামাক নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান কম। এটি ভালো দিক।
প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান মো. হাসান শাহরিয়ার মূল বক্তব্যে বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন খসড়াটি বিভিন্ন ধাপ পেরিয়ে এখন চূড়ান্ত হওয়ার পথে। তবে তামাক কোম্পানি সরকারের এই পদক্ষেপকে বাধাগ্রস্ত করতে নানাবিধ ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করে নীতি-নির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তামাকের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যু বরণ করেন। অসুস্থ ও পঙ্গুত্ব বরণ করেন আরও কয়েক লক্ষ মানুষ।
আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।