Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজস্ব আহরণে আয়কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১৮:৩০

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজস্ব আহরণে আয়কর আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আয়কর আইনজীবীদের একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা (রেগুলেটরি বডি) থাকা দরকার। যাতে যে কেউ আয়কর আইনজীবী সমিতির সদস্য হতে না পারে। এসময় তিনি আয়কর আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার স্ট্যান্ডার্ড (মান) বাড়ানোর পরামর্শ দেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলম সারওয়ার, বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. সোহবার উদ্দিন, মহাসচিব মো. খোরসেদ আলম, সাবেক সভাপতি সৈয়দ ইকবাল মোস্তফা ও এ কে এম আজিজুর রহমান, ঢাকা আয়কর আইনজীবী এসোসিয়েশনের সভাপতি আবু আমজাদ, সাবেক সভাপতি এ কে এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সৎ ও দক্ষ আয়কর আইনজীবীরা দেশের রাজস্ব বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। আয়কর খাতে নিয়োজিত সকল আইনজীবী সৎ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি আইন পেশার মর্যাদা ও গুরুত্ব বাড়বে। এতে জনগণের মধ্যে আয়কর দেওয়ার ভীতিও দূর হবে।

বৈঠকে আইনজীবী সমিতির নেতারা আইনমন্ত্রীর কাছে পেশাগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন। তারা আয়কর অধ্যাদেশে বাংলদেশ বার কাউন্সিলের আদলে ট্যাক্স কাউন্সিল গঠনের বিধান যুক্ত করার অনুরোধ জানান।

এছাড়া আয়কর আপিল ট্রাইব্যুনালে একজন বিচার বিভাগীয় সদস্য (জেলা জজ) ও একজন প্রাকটিশনার্স আয়কর আইনজীবীর নাম অন্তর্ভুক্তকরণ, চট্টগ্রামে আয়কর আপিল ট্রাইব্যুনালের ২টি পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপনে আইনমন্ত্রীর সহযোগিতা চান। এসব বিষয়ে আইনমন্ত্রী এনবিআর কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।

সারাবাংলা/জিএস/এনইউ